নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর উপশহর ২ নম্বর সেক্টরে অবস্থিত ইউসিএমএএস (UCMAS) হলরুমে শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় আয়োজন করা হয় ক্লাস পার্টি ও সনদ প্রদান অনুষ্ঠান।


শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে ইউসিএমএএসের ডিরেক্টর শোভা খাতুন বলেন :
শিক্ষার্থীদের একঘেয়ে পাঠদান তাদের মাঝে অমনোযোগ সৃষ্টি করতে পারে। তাই আমরা পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছি। ক্লাস পার্টির মতো আয়োজন শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দচর্চা তাদের শেখাকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলে। আমরা সবসময় শিশুদের মেধাবিকাশ ও ইতিবাচক মানসিক গঠনের ওপর গুরুত্ব দিয়ে থাকি, যাতে তারা ভবিষ্যতে দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে তারা সুশৃঙ্খলভাবে মাঠ প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। ক্লাস পার্টির অংশ হিসেবে বিস্কুট দৌড়, মার্বেল দৌড় এবং মিউজিক্যাল বালিশ খেলা অনুষ্ঠিত হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

খেলাধুলা শেষে হলরুমের সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউসিএমএএসের ডিরেক্টর শোভা খাতুন, সরকারি শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
আয়োজকরা জানান, ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও আত্মবিশ্বাস বিকাশে ইউসিএমএএস সবসময় কাজ করে যাচ্ছে।









