খেলা

ইংল্যান্ড দলে নেই রিয়ালের আর্নল্ড, আছেন বার্সার রাশফোর্ড

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নতুন মৌসুম শুরু করা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ইংল্যান্ড জাতীয় দলে রাখেননি জার্মান কোচ টমাস টুখেল। জুড বেলিংহাম, বুকায়ো সাকা, কোল পালমারদের মতো তারকারা ইনজুরিতে থাকলেও আর্নল্ডকে দলে না নেওয়াটা বিস্ময়ের জন্ম দিয়েছে।

অন্যদিকে, ইউনাইটেড ছেড়ে বার্সেলোনার হয়ে যাত্রা শুরু করা মার্কাস রাশফোর্ড ফিরেছেন জাতীয় দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ম্যানচেস্টার সিটির জন স্টোনসও।

অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন টুখেল।
আর্নল্ডের জায়গায় সুযোগ পেয়েছেন চেলসির রিস জেমস ও নিউক্যাসলের টিনো লিভরামেন্তো। প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন টটেনহামের জেড স্পেন্স। নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনও যোগ দিয়েছেন দলে, যিনি গত মৌসুমে নিউক্যাসল ছেড়ে ফরেস্টে যোগ দেওয়ার পর দারুণ খেলেছেন।

তবে জায়গা হয়নি সিটি ছেড়ে যাওয়া জ্যাক গ্রিলিশের। এভারটনে ধারে গিয়ে দুর্দান্ত শুরু করলেও বাদ পড়েছেন তিনি।

ইংল্যান্ড স্কোয়াড

গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড।

ডিফেন্ডার: রিস জেমস, ড্যান বার্ন, জন স্টোনস, মার্ক গুয়েহি, এজরি কনসা, মাইলস লুইস-স্কেলি, টিনো লিভরামেন্তো ও জেড স্পেন্স।

মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, মরগান গিবস-হোয়াইট, জর্ডান হেন্ডারসন, ডেক্লান রাইস, মরগান রজার্স, অ্যাডাম হোয়াটন।

ফরোয়ার্ড: হ্যারি কেইন, এবেরেচি এজে, অ্যান্থনি গর্ডন, জ্যারড বোয়েন, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড ও অলি ওয়াটকিনস।