রাজশাহী

আ’লীগ নেতাকর্মীদের বাধায় রাবির নিয়োগ পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের একটি মৌখিক পরীক্ষা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শুরু হওয়া নিয়োগের মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন তারা।

 

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে ইনস্টিটিউটের আওতাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের চতুর্থ শ্রেণির দুটি কর্মচারী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলছিল।  পরীক্ষা চলাকালে সকাল পৌনে ১০টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন নেতকার্মী ইনস্টিটিউটের পরিচালকের অফিসে যান। সেখানে মৌখিক পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ করে তারা টেবিল চাপড়িয়ে ও বিভিন্ন হুমকি দিয়ে পরীক্ষা বন্ধ করে দেন।

 

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আনসার উদ্দিন সিল্কসিটি নিউজকে বলেন, ‘ভাইভা চলাকালে কয়েকজন নেতকর্মী ভেতরে ঢুকে বলেন আওয়ামী লীগের মহানগর নেতাদের সাথে কথা না বলে ভাইভা বোর্ড বসানো হয়েছে, এটা বন্ধ করতে হবে। তারা কোনো সময় না দিয়েই হট্টগোল করে ভাইভা বন্ধ করে দেন। আমরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নিবো।’

15578142_1181471735240600_2099564359711911864_o

এ বিষয়ে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, বয়সসীমাসহ কিছু শর্ত শিথিল করার দাবিতে আমরা ভাইভা বোর্ড স্থগিত করার অনুরোধ করেছি। আমদের নির্যাতিত নেতকর্মীদের কোনো সুযাগ দেয়া হচ্ছে না, এটা হতে পারে না।

 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘কর্মচারী নিয়োগে আয়ার যোগ্যতা চাওয়া হয়েছে মেট্রিক পাশ। এরকম যোগ্যতা চাইলে তো আমাদের সংগঠনের কেউ চাকরি পাবে না। তাদের এসব দাবির মুখে আজকের নিয়োগ পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আমি পরিস্থিতি শান্ত করে এসেছি।’

 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান সিল্কসিটি নিউজকে বলেন, ইনস্টিটিউটগুলো নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরী কোনো হস্তক্ষেপ নেই। আজকের ঘটনার বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

স/অ