সিল্কসিটিনিউজ ডেস্ক :
এত দিন মনে করা হতো বিশ্ব মূলত তিন পরাশক্তি—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নিয়ন্ত্রণে। কিন্তু বর্তমানে ইরান চতুর্থ শক্তি হিসেবে দ্রুত উঠে আসছে। ইরানের এই শক্তির উৎস তার বিশাল অর্থনীতি বা সামরিক বাহিনী নয়, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর ওপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ।
বিশ্বের মোট জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে যায়।

এর কোনো বিকল্প পথ নেই। আগে এটি সবার জন্য উন্মুক্ত থাকলেও, চলতি বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এখানে এক ধরনের সামরিক অবরোধ তৈরি করেছে।
অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্র চাইলে শক্তি প্রয়োগ করে এই পথ খুলে দেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।
ইরানকে এই পথ পুরোপুরি বন্ধ করতে হয়নি। তারা মাঝে মাঝে দু-একটি জাহাজে হামলা চালিয়ে এমন আতঙ্ক তৈরি করেছে যে বীমা কম্পানিগুলো ওই পথে জাহাজের নিরাপত্তা দিতে রাজি হচ্ছে না। ফলে জাহাজের যাতায়াত ৯০ শতাংশ কমে গেছে। আধুনিক অর্থনীতি শুধু তেল চায় না, তা সময়মতো ও ঝুঁকিহীনভাবে পেতে চায়।
ইরান সেই ‘নিশ্চয়তা’ নষ্ট করে দিয়েছে।
হরমুজ প্রণালিতে প্রতিটি জাহাজ পাহারা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব ও ব্যয়বহুল কাজ। অন্যদিকে, ইরানকে শুধু মাঝে মাঝে একটি ড্রোন বা মিসাইল হামলা চালিয়ে আতঙ্ক বজায় রাখলেই চলে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও স্বীকার করেছেন যে, শক্তি প্রয়োগ করে এই পথ খুলে রাখা অবাস্তব; এটি করতে হলে ইরানের সঙ্গে সমঝোতা প্রয়োজন।
জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত তাদের জ্বালানির জন্য এই পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
যদি এই অস্থিরতা চলতে থাকে, তবে তেলের দাম বাড়বে, বীমার খরচ বাড়বে এবং এশিয়ার দেশগুলোর মুদ্রার মান কমে গিয়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে। ফলে এই দেশগুলো তখন জ্বালানি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বদলে ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখতে বাধ্য হবে।
এই পরিস্থিতিতে ইরান, চীন ও রাশিয়া—তিন দেশই লাভবান হচ্ছে। তেলের দাম বাড়লে রাশিয়ার আয় বাড়ে। চীন এই অঞ্চল থেকে তেল পায় এবং বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমলে তাদের লাভ। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান বিশ্বরাজনীতিতে বড় দর-কষাকষির ক্ষমতা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সামনে এখন দুইটি পথ : হয় দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করা (যা হারার সম্ভাবনা প্রবল), অথবা ইরানের এই নতুন ক্ষমতাকে মেনে নিয়ে একটি আপস করা। যদি এই অবস্থা আরো কয়েক বছর চলে, তবে বিশ্বব্যবস্থা চিরতরে বদলে যাবে এবং ইরান বিশ্বশক্তির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে।
এই যুদ্ধ শুধু সামরিক যুদ্ধ নয়, এটি বিশ্বরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি পরিবর্তন। ইরান প্রমাণ করেছে যে ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট কবজায় থাকলে সরাসরি পরাশক্তি না হয়েও বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
(প্রতিবেদনটি শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রবার্ট পেপ-এর ভূ-রাজনৈতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি।)
সূত্র: কালের কণ্ঠ










