সিল্কসিটিনিউজ ডেস্ক :
টানা দ্বিতীয় দিন বৃষ্টির হস্তক্ষেপ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন খেলা হয়েছিল ৫০.৫ ওভার। মঙ্গলবার খেলা হলো আরও ২ বল (৫০.৩ ওভার) কম। দিনের ১৪.৪ ওভার খেলা বাকি থাকতেই বৃষ্টি থামিয়ে দেয় ম্যাচ।
এরই মধ্যে ঝলমলে ব্যাটিং প্রদর্শন করেছেন পাকিস্তানের ওপেনার আজহার আলী। তার অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সফরকারীরা। শেষ সেশনে যখন বৃষ্টিতে ম্যাচ ভাসল তখন পাকিস্তানের স্কোর ১০১.২ ওভারে ৬ উইকেটে ৩১০ রান।

বৃষ্টিতে আম্পায়ার যখন সবাইকে মাঠ থেকে চলে যাওয়ার নির্দেশ দেন তখন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন আজহার, অন্য পাশে ছিলেন মোহাম্মদ আমির। ১১তম টেস্ট সেঞ্চুরি করে দলকে ভালো অবস্থানে রেখেছেন আজহার। ২৮৭ বলে ১৩৯ রানে টিকে ছিলেন তিনি। আর শেষদিকে খেলতে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করেছেন আমির। ২৩ বলে ৬টি চারে ২৮ রানে অপরাজিত তিনি।
৪ উইকেটে ১৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। আসাদ শফিক ১২৩ বলে ৫০ রানের ইনিংস খেলে জ্যাকসন বার্ডের শিকার হন সেকেন্ড স্লিপে। সরফরাজ আহমেদ (১০) বড় কোনও অবদান রাখতে পারেননি। জোশ হ্যাজলউডের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলে দেন তিনি।
বার্ড দিন শেষে তিন উইকেটের মালিক। হ্যাজলউডের নামের পাশে দুই উইকেট, আর মাত্র একজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে পেরেছেন নাথান লায়ন। বিস্ময়কর ব্যাপার হলো ২৩.২ ওভার বল করেও এখন পর্যন্ত উইকেটশূন্য মিচেল স্টার্ক। সূত্র- ক্রিকইনফো
সূত্র : রাইজিংবিডি










