চারঘাট প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবাগত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমার কথা স্পষ্ট। কেউ মাদক সেবন, ব্যবসা, আশ্রয়-প্রশ্রয় দাতা, তদবির কারক এদের চিহিৃত করে দ্রুত এদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ এসব কথা বলেন।
শপথ নেবার পর থেকে আমি কঠোর ভাবে বলে যাচ্ছি, মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজি চারঘাট-বাঘায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। মাদকের সঙ্গে আমার নিজ দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করুন। কোন তদবির, সন্ত্রাসীদের ঠাঁই আমার নির্বাচনী এলাকায় হবে না।
মনে রাখবেন, আমি ৩বার ইউনিয়ন পরিষদ ও ২ বার উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি জানি পুলিশ প্রশাসন সৎ, ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করলে চারঘাট-বাঘাকে মাদক মুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার। তবে শস্যের মধ্যে ভ‚ত থাকলে সেটা করা সম্ভব নয়। তাই মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সাংসদ আবু সাইদ চাঁদ।
চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশীল ভ‚মিকা পালনের নির্দেশ দিয়ে চাঁদ বলেন, চারঘাট-বাঘার মাটিতে কোন ধরনের অন্যায়, অপরাধ অরাজকতা বরদাস্ত করা হবে না।

সামনে ঈদ তাই ছিনতাই রোধে পুলিশি টহল জোরদার করতে হবে। নন্দনগাছী থেকে কালুহাটি, কাকড়ামারী থেকে মীরগঞ্জ এবং সারদা থেকে খুদির বটতলা এলাকায় প্রতিদিন পুলিশি টহল বাড়াতে হবে। মনে রাখবেন কোন অবস্থাতে চারঘাটে চুরির ঘটনা আমি শুনতে চাই না।
সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করীম মিজান, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ।









