সদ্য প্রকাশিত
রাজনীতি

আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
আ. লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি শুধু ঘোষণায় নির্ধারিত হবে না : সাইফুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পথ অবলম্বন করে আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে ফিরে আসার বিষয়টি কেবল দলটির ঘোষণায় নির্ধারিত হবে না।

এ বিষয়ে রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে রাজনৈতিক পরিষদের বিশেষ সভায় এসব কথা বলেন সাইফুল হক।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা কথা বলা হচ্ছে। কিন্তু আড়াই বছর পর ফিরে আসার কথা বললেই রাজনৈতিক অধিকার তৈরি হয় না।

জনগণের কাছে দলটির অতীত কর্মকাণ্ডের জবাবদিহি এবং দায় স্বীকারের বিষয়টি সামনে থাকবে।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে মানুষকে জিম্মি করেছিল। ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও একই রাজনীতির পথে ফিরে আসার চেষ্টা গ্রহণযোগ্য হবে না। সন্ত্রাস, সহিংসতা কিংবা দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই।

সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, দেশের মানুষকে জিম্মি করে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অগ্নিসংযোগ, সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধ করতে হবে। একই সঙ্গে এসব ঘটনার পাল্টা প্রতিশোধের রাজনীতিও চলতে দেওয়া যাবে না। রাষ্ট্রকে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন ও উসকানি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো রাজনৈতিক স্বার্থে বিনষ্ট করার চেষ্টা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সাইফুল হক আরো বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার কোনো রাজনৈতিক বৈধতা নেই। একইভাবে প্রতিশোধের রাজনীতিরও কোনো ভবিষ্যৎ নেই। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের উসকানি ও সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় সাম্প্রতিক সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির অপচেষ্টার প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর ঢাকায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ওই দিন পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।