সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড সাকের। এর আগে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার অজি শিবিরের পূর্ণ মেয়াদে বোলিং কোচের চাকরি পেলেন তিনি।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাকের। বর্তমানে অজি শিবিরে সহকারী হিসেবে নিয়োগ পেলেও আশা করা হচ্ছে আগামী বছর ড্যারেন লেহম্যানের পর ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন সাকের। ২০১৫-২০১৬ মৌসুমে অস্ট্রেলিয়ার স্থানীয় শেফিল্ড শিল্ডে সাকেরের অধীনে শিরোপা জেতে ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগ হওয়ায় এখন তার পরিবর্তে নতুন কাউকে খুঁজতে হবে ভিক্টোরিয়াকে।
সহকারী কোচ হিসেবে সাকেরের নিয়োগের পর লেহম্যান বলেন, ‘আন্তর্জাতিক দলগুলোর সঙ্গে ডেভিডের (সাকের) কাজ করার অভিজ্ঞতগুলো বেশ কাজে দিবে। বিশেষ করে আসন্ন ভারত সফর এবং অ্যাশেজকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করতে চাই আমরা। সব ক্ষেত্রে তার কৌশলী অভিজ্ঞতাগুলো আমাদের জন্য সত্যিই বোনাসের মতো। তরুণদের নিয়ে কাজ করার ক্ষেত্রে এই অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ হবে।’
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে সাকের তাসমানিয়া এবং ভিক্টোরিয়ার হয়ে ৭২টি প্রথম শ্রেনির ক্রিকেট ম্যাচ খেলেছেন। বল হাতে ২৪৭টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দেশটির সবচেয়ে সফল একটি অধ্যায় পাড়ি দিয়েছেন ৫০ বছর বয়সি এই কোচ। তার সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ এবং ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড।
সূত্র: রাইজিংবিডি









