খেলা

অভিভাবকদের জন্য ফেসবুকে মুশফিকের অনুরোধ

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময়ই এগিয়ে আসা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের মানুষকে (অভিভাবক) শিশুদের টিকা ক্যাম্পে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। একটি ভিডিও তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করে এই সচেতনতা বাড়ান মুশফিক।

আগামীকাল (শনিবার, ১৬ জুলাই) শুরু হচ্ছে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার ক্যাম্পেইন। সরকারীভাবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও নিকটস্থ টিকা কেন্দ্রে অভিভাবকদের যেতে অনুরোধ করেছেন মুশফিক।

মুশফিক তার ফেসবুকের ভেরিফাইড পেজে ভিডিওটি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, ‘আমাদের সবার স্বার্থে ভিডিওটি দেখুন ও সবার সাথে শেয়ার করুন। ভুলবেন না কিন্তু! – মুশি। Please share the video with every one and make them aware. Don’t forget! – Mushy.’

অভিভাবকদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করে ভিডিওটিতে মুশফিক বলেন, ‘আসসালামুআলাইকুম। হ্যালো টু এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৬ জুলাই, রোজ শনিবার, ২০১৬। ৬ মাস হতে ৫৯ মাস বয়সী আপনার শিশুকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। সময় সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত। আমি আবারও বলছি, সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত; আপনার নিকটস্থ যেকোনো টিকা কেন্দ্রে। ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।’

সুত্র: বাংলানিউজ