নিজস্ব প্রতিবেদক, নাটোর:
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় আত্রাই নদী থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ সোঁতি জাল অপসারণ করে পুড়িয়ে দেওয়ায় মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে জাল মালিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের আত্রাই নদীতে দেওয়া অবৈধ সোঁতি জাল অপসারণ করে তা স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় সুত্র হতে জানা যায়, জাল পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৪নম্বর কলম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ তার লোকজন মৎস্য কর্মকর্তার ওপর চড়াও হন। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। পরে সন্ধ্যার পর ১০-১২ অজ্ঞাত যুবক তাকে লাঞ্চিত করেন এবং প্রাণ নাশের হুমকি দেয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন। তিনি সিল্কসিটি নিউজকে জানান, নদী থেকে নয়, তারা ঘাটে বাঁধা নৌকা থেকে জাল নিয়ে পুড়িয়ে দিয়েছে। এব্যাপারে জাল না পড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। লাঞ্চিত করা বা হুমকির বিষয়টি সঠিক নয়।
সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী অভিযোগ করে সিল্কসিটি নিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশসহ উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আত্রাই নদী থেকে প্রায় লাখ টাকা মূল্যের অবৈধ সোঁতি জাল উদ্ধার করে উপজেলা চত্বরে সকলের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, সহকারী কমিশনার (ভুমি) ও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরেই জাল মালিকরা তার ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা মারপিটের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলা চত্বরে আসার পর পুনরায় ১০/১২ জন যুবক তার পথরোধ করে লাঞ্চিত করেন। এসময় তারা স্বেচ্ছায় উপজেলা ত্যাগ করার কথা বলেন। তা না করা হলে পুড়িয়ে মারা হবে বলে হুমকি দিয়ে চলে যান। এই ঘটনাটি তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও সিংড়া থানাকে অবহিত করা হয়েছে।
এবিষয়ে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত দুঃকজনক। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরি কুবি বলেন, বৈঠকে বসে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স/অ









