নিজস্ব প্রতিবেদক:
অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজশাহীতে আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথবাহিনীর উদ্যোগে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
তবে রাজশাহী নগরীর বাইরে জেলার ৮ থানা এলাকায় অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেননি জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।









