নিজস্ব প্রতিবেদক:
দুলাল হোসেন। পেশায় একজন চা বিক্রেতা। শনিবার ভোর তিনটার দিকে হঠাৎ তার মেয়ের প্রসব বেদনা উঠে। এরপর মেয়েকে অটোরিকশায় নিয়ে স্ত্রীসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

- নগরীর তেরোখাদিয়া থেকে অটোরিকশা করে রওনা দিয়ে দুলালরা বর্ণালীর মোড় হয়ে কলাবাগানের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
কলাবাগান এলাকায় পৌঁছামাত্র তিনজন যুবক দুলালদের বহনকারী অটোরিকশাটির গতিরোধ করে। এরপর দুলালদেরকে অস্ত্রেরমুখে জিম্মি করে ছিনতাইকারীরা। এসময় দুলালের স্ত্রীর নিকট থেকে একটি ভ্যানেটি ব্যাগ ও হাতের স্বর্ণের চুরিগুলো খুলে নিয়ে দ্রুত বেগে চলে যায় ছিনতাইকারীরা।
অথচ যখন অস্ত্রেরমুখে জিম্মি করা হয় দুলালদের, তখন তার মেয়ের দুলালী খাতুন প্রসব বেদনায় ছটপট করছিলেন। কিন্তু তারপরেও অস্ত্রধারী ছিনতাইকারীরা চা বিক্রেতা দুলালের স্ত্রীর ভ্যানেটি ব্যাগ এবং স্বর্ণের গহনা ছিনতাই করে চলে যায়।
দুলাল রবিবার সকালে সিল্কসিটি নিউজকে বলছিলেন, ‘স্ত্রীর ভ্যানেটি ব্যাগে ছিলো চিকিৎসার জন্য টাকা। কিন্তু সেই টাকাও নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে হাসপাতালে পৌঁছে আবার ধান-দেনা করে মেয়ের সন্তান প্রসবের খরচ সংগ্রহ করি।’
- দুলাল আরো বলেন, ‘ছিনাতাইকারীদের প্রত্যেকের হাতে একটি করে ধালো লম্বা অস্ত্র ছিল। ওই অস্ত্রগুলো নিয়ে তারা আমাদের গলায় ধরে। এসময় মেয়ে প্রসব বেদনায় ছটপট করতে থাকে। আবার আমরাও জীবনের ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না।’ ফলে নিজেদের কাছে যা কিছু ছিল দ্রুত বের করে দেয় ছিনতাইকারীদের হাতে। এরপর তারা চলে যায়-যোগ করে দুলাল
তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন সিল্কসিটি নিউজকে জানান, এই ধরনের ঘটনার খবর জানা নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স/আর









