নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে শিবগঞ্জ-২ (পিরব) বিদ্যুৎ উপকেন্দ্রের এই ২০ এমভিএ প্রকল্পের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
উপকেন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট কমবে এবং সঞ্চালন ব্যবস্থায় নতুন গতি আসবে।

এতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি লাঘবের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিবগঞ্জ এলাকায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই ক্ষমতাবর্ধন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে পিরব ও আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









