সিল্কসিটিনিউজ ডেস্ক :
বঙ্গোপসাগরের ধারে বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন গ্রাম। সেখানকার বাসিন্দা পুলিন মণ্ডলের ছেলে প্রান্ত মণ্ডল। ঢাকায় থাকতেন, চাকরি করতেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে। আগুনের মুখে দাঁড়িয়ে মানুষ বাঁচানোই ছিল তার পেশা।
চন্দ্রগ্রহণের কারণে এ বছর দোল এক দিনে শেষ হয়নি। মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়ে গড়িয়েছে বুধবার পর্যন্ত। দোল উৎসব পরিবারের সঙ্গে ভাগ করে নিতে মঙ্গলবারই ঢাকার বাসা থেকে রওনা দেন প্রান্ত। বাহন তার প্রিয় মোটরসাইকেল।

যাত্রার মুহূর্তেই ফেসবুক স্টোরিতে বাইকের ছবি তুলে লিখেছিলেন, ‘আজকের গন্তব্যের উদ্দেশ্য আমার পরিবার।’ এখন সেই লাইনটাই তার শেষ চিঠি।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ঘটে দুর্ঘটনা। পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই থেমে যায় প্রান্তের পথচলা।
স্ত্রী, মা, বাবা আর এক বছরের শিশুপুত্রের সঙ্গে দোলের রং ভাগাভাগি করার স্বপ্ন আর পূরণ হয়নি তাঁর।
প্রান্তের এক বছরের ছেলে মুগ্ধ মণ্ডল মায়ান। গত ১৭ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ছেলের সঙ্গে তোলা এক বছর আগের একটি ছবি শেয়ার করে প্রান্ত লিখেছিলেন, ‘তুমি আমার শক্তি, আমার একমাত্র ভবিষ্যৎ, সময়ের এক মজবুত খুঁটি। সারা জীবনের পরিশ্রম তোমার ওই মুখের হাসির কাছে তুচ্ছ মাত্র। আমার একমাত্র উত্তরাধিকারী তুমি বাবা।
’
বরিশাল-ঢাকা মহাসড়ক বেয়ে গন্তব্যের দূরত্ব কম নয়। একা বাইকে এই পথ পাড়ি দেওয়া অনেকের কাছেই অস্বাভাবিক। কিন্তু প্রান্তের কাছে তা ছিল স্বাভাবিক ঘটনা। কারণ বাইক ছিল তার জীবনের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় সেই সম্পর্কের গভীরতা।
ফেসবুকে ‘প্রান্ত মণ্ডল’ নামে তার প্রোফাইলে অনুসারী সাড়ে তিন হাজারের বেশি। প্রোফাইল আর কভার ফটোতে বারবার ফিরে আসে বাইকের ছবি। কভার অ্যালবামে ১৯টি ছবির মধ্যে ১২টিই বাইকের। প্রোফাইলে আপলোড করা ৫৭টি ছবির ২৭টিতে প্রান্ত আর তার প্রিয় বাহন বাইক ছিল একসঙ্গে। সব মিলিয়ে ২৮১টি ছবির মধ্যে ৮২টিই বাইকের। যেন দুই চাকার সঙ্গেই লেখা তার জীবনের গল্প।
দুর্ঘটনার পর সেই গল্পটাই ভেঙে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকার ছোট ভাই শুভ্রা বেপারী লিখেছেন, ‘আরে দাদা, আমাদের সবাইকে এভাবে ফাঁকি দিয়ে যেতে পারো না।’ প্রান্তের নিথর দেহের ছবি দিয়ে নকিবুর রহমান লিখেছেন, ‘ভালো থাকিস। আমার ওপরের সব রাগ ভুলে যাইস। আমাদের শেষ দেখা হলো, কিন্তু এবার আর বুকে জড়িয়ে ধরা হলো না।’ আর রোমিও হোসেন দুমড়েমুচড়ে যাওয়া বাইক আর ফায়ার সার্ভিসের ইউনিফর্মের ছবি দিয়ে লিখেছেন, ‘স্বপ্ন আর বাড়ি গেল না তোর!’
প্রান্ত আর ফিরলেন না। দোলের রং মাখা উঠোনে তাঁর পা পড়ল না। কিন্তু থেকে গেল একটি স্টোরি, কিছু ছবি, আর এক বাবার লেখা ভালোবাসার চিঠি। যে মানুষটি আগুন থেকে অন্যকে ফেরাত, সে নিজে আর ঘরে ফিরতে পারল না। পথে থেমে গেল প্রান্তের পথচলা।
প্রান্তের খালাতো ভাই তুষার হাজরা, যিনি সেনাবাহিনীতে কর্মরত। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার সকালেই তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন। দুপুরের দিকে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, দোল উৎসবের সঙ্গে সঙ্গে অসুস্থ বাবার চিকিৎসার জন্য ছুটি নিয়ে সোমবার দুপুরে সেনবাগ ফায়ার স্টেশন থেকে বাড়ির উদ্দেশে নিজের মোটরসাইকেলে রওনা হয়েছিলেন।
প্রান্তের অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান এবং মা-বাবা। বাবা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রান্ত ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তাঁর বড় একটি বোনও রয়েছে।










