সিল্কসিটিনিউজ ডেস্ক :
জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন (১৭) ওই ইউনিয়নের নূরনগর গ্রামের মৃত নইনুদ্দিনের ছেলে। তিনি ইন্টারনেটের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নাঈম হোসেন তিলকপুর বাজার থেকে মোটরসাইকেলে রায়কালী বাজার য়াওয়ার পথে বয়েজের পুল এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আক্কেলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।










