রাজশাহী

মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের স্বপ্নবৃত্ত এর ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

মানবতার স্পর্শে দুঃখ হোক আনন্দের” স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নবৃত্ত ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, পরিবেশ ও জনসচেতনতা বৃদ্ধি, ব্লাড গ্রুপিং নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ‘রওশন’, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় সংগঠনের প্রধান কার্যক্রম ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’-এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘স্বপ্নবৃত্ত পাঠচক্র’-এর তিনটি শাখা— দাশপুকুর শাখা, টুলটুলিপাড়া শাখা ও তালাইমারি শাখায় একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে প্রায় ১২০ জন শিশু অংশগ্রহণ করে। শিশুদের মাঝে মাতৃভাষার চেতনা জাগ্রত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে। অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করতে উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয় এবং তাদের জন্য নাস্তার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোসা: আয়েশা রাজ্জাক, সহযোগী প্রতিষ্ঠাতা সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মাহিদুল ও সদস্য সম্পাদক মোঃ শাহরিয়া নাফিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী শিক্ষক শাহারিয়ার ইমতিয়াজ, অভিষেক চৌধুরী, সখিনা, তিথি, মাইকেল, মোসা: মাইমুরা আক্তার, মোঃ জহুরুল ইসলাম, রতন খান, রিয়াদ, মোঃ মিজানুর রহমান শুভ, মোসা: রিমু আক্তার, মোঃ আরমান হোসেন, মোঃ মাহাবুব আলম সোহান ও মোঃ লিটন দেওয়ান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন সৃজনশীল ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।