নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী’র এক বিশেষ অভিযানে দেড় কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আলী আসলাম হোসেনের সার্বিক নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সার্কেল স্টাফদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির মনিটরের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে সংরক্ষিত মোট ১.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে মোঃ মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর এলাকার বাসিন্দা।
এ সময় নিম্নোক্ত আলামত জব্দ করা হয়—১.৫ কেজি হেরোইন (৩টি প্যাকেট) একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) ১টি ফিচার মোবাইল ফোন
১টি ডিজিটাল ওজন মাপার মেশিন ১টি Itel মোবাইল সেট ১টি Realme Narzo 70 Turbo অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথভাবে জব্দতালিকা প্রস্তুতপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে রাজশাহী জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









