পাবনা

আমিনপুরে পারিবারিক বিরোধে প্রাণ হারালেন কৃষক

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে দেড় বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাই ও তার ছেলেদের হামলায় আহত কৃষক লোকমান সরদার (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সকাল ১১টার দিকে সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান সরদার ওই গ্রামের মৃত নাছির উদ্দিন সরদারের ছেলে। জমিসংক্রান্ত বিরোধে তার চাচাতো ভাই কোরবান সরদার ও তার ছেলেদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল।

অভিযোগ রয়েছে, হোগলাডাঙ্গি চরে দেড় বিঘা জমিতে লোকমান সরদার জব চাষ করেছিলেন। সম্প্রতি সেই জমির মালিকানা দাবি করেন কোরবান সরদার ও তার ছেলেরা। বিরোধের জেরে ২৪ জানুয়ারি তারা দেশীয় অস্ত্রসহ ভাড়াটে লোক নিয়ে জমিতে গিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে ফসল নষ্ট করে দেন। এ সময় লোকমান সরদার ও তার ছেলে সজিব বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

আহতদের স্বজনরা প্রথমে কাশিনাথপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে লোকমান সরদারকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ঢাকা পিজি হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান।

লোকমান সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত কোরবান সরদার ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের ভাই রমজান সরদার বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আমিনপুর থানায় আটজনকে আসামি করে একটি মারামারির মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৬)। নিহতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

আসামিরা বর্তমানে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।