নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন পরবর্তী সহিংসতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়। ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের মামলায় অন্যতম সন্দেহভাজন হিসেবে শরিফ উদ্দিন দুলাল নামে (৪০) আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় ৬ জন গ্রেপ্তার হলেন।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। তিনি ফাটাপাড়ার মৃত মকবুলের ছেলে ও কালাম (৫০) নামে যে ব্যক্তির বাড়িতে ককটেল বানানো হচ্ছিল তার ভাই। তিনি বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার বিল সিমলা এলাকার বাসিন্দা।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
তিনি বলেন, ‘দুলালকে পুলিশ পাহারায় চাঁপাইনবাবগঞ্জ আনা হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘সোমবার বিকালে দুলালকে আদালতে তুলে গত রোববার গ্রেপ্তার এজাহারনামীয় ২ আসামি ও দুলালের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনায় আহত মামলার অপর ৩ আসামি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।’
এজাহার সূত্রে জানা গেছে, মামলার এজাহারনামীয় ১০ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার ও ৫ জন পলাতক রয়েছেন।
পলাতকদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি, ইউপির বরখাস্ত চেয়ারম্যান, একাধিক হত্যা, মাদক, বিষ্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি শাহিদ রানা টিপু। এদিকে ঘটনার দুদিন পরেও এলাকা থমথমে রয়েছে।









