নাটোর

নাটোরে মহিলা জামায়াতের নির্বাচনী পদযাত্রা

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম নারী নেতাকর্মীর অংশগ্রহণে নাটোর পৌর মহিলা জামায়াতের উদ্যোগে একটি নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর সমর্থনে এই পদযাত্রার আয়োজন করা হয়।

বুধবার সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে নির্বাচনী পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিপুলসংখ্যক নারী নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

পদযাত্রা চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি জোবাইদা কাকন লিপি, জেলা মহিলা সাংগঠনিক সম্পাদক শাহনাজ শেলী, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছা. নাইমা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে মহিলা জামায়াতের নেত্রীরা বলেন, নানা বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে নাটোরে জামায়াতের নারী কর্মী বোনদের এই গণজোয়ার তাদের শক্ত অবস্থান ও জনসমর্থনের সুস্পষ্ট প্রমাণ। জামায়াতকে নিয়ে একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে যে, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। কিন্তু আজকের এই স্বতঃস্ফূর্ত পদযাত্রা ও শহরের অসংখ্য নারীর সক্রিয় উপস্থিতি সেই অপপ্রচারের মিথ্যাচার উন্মোচন করেছে। তারা বলেন, আমরা ভীত নই, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি।

নেত্রীরা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট প্রদান করবে এবং ন্যায় ও নীতির প্রতীক দাড়িপাল্লা প্রতীকে অধ্যাপক মো. ইউনুস আলীকে বিজয়ী করবে—এমন প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে।

জনগণের এই প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, ভয়ভীতি বা কারচুপির সুযোগ যেন সৃষ্টি না হয়।

এছাড়া নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মহিলা জামায়াতের নেত্রীরা।