সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :
গল টেস্টে জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে স্বাগতিক লঙ্কানদের জয় উপহার দিতে হাফ সেঞ্চুরির পাশাপাশি একই টেস্টে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন দিলরুয়ান পেরেরা। পর্দার আড়ালে থাকা এই ক্রিকেটারকে সাইলেন্ট হিরো বলে ঘোষণা দিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট তুলে নেয়ার আগেই পেরেরা ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। সবচেয়ে কম টেস্ট খেলে শ্রীলঙ্কার কোনো বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই স্পিনার। বর্তমানে মাত্র ১১ টেস্ট শেষে তার ৫৫ উইকেট জমা রয়েছে তার ভান্ডারে।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর পেরেরার প্রশংসা করে ম্যাথুস বলেন, ‘আমরা রঙ্গনা হেরাথকে নিয়ে যতটা কথা বলি দিলরুয়ানকে নিয়ে তত বলিনা। কিন্তু সেই শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে কম টেস্টে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। মুরালির যুগে আমরা রঙ্গনার কথা খুব বেশি বলতাম না।
আমার মনে হয়ে দিলরুয়ানের ক্ষেত্রে এখন তেমনটা হচ্ছে। সে একজন সাইলেন্ট হিরো। শেষ ম্যাচে সে চমৎকার বলে করেছে। গলে কিভাবে ভালো বল করতে হয় সে তা জানে। কোচদের তত্ত্বাবধায়নে অনুশীলনে সে কঠোর পরিশ্রম করে। সে এমন একজন ক্রিকেটার যার কাছ থেকে আগামী কয়েকবছরেও আমরা ভালো কিছু পেতে পারি।’
সূত্র: রাইজিংবিডি









