নিজস্ব প্রতিবেদক :
অফিসে গিয়ে চোটপাট করায় এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাইম আহমেদ (২৫)। তিনি পুঠিয়ার মাহেন্দ্রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এসি-ল্যান্ড শিবু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি খারিজের জন্য গত রোববার থেকে তার অফিসে আসছিলেন নাইম আহমেদ। কিন্তু রোববার জেলা সদরে তার সভা ছিল। তিনি সারাদিন সেখানেই ছিলেন। সেদিন পুঠিয়ায় আরেকটি সড়ক দুর্ঘটনা নিয়ে বিশৃঙ্খলা হলে সভা শেষে সরাসরি সেখানে চলে যান।

ফলে ওই দিন অফিসে যেতে তার রাত হয়ে যায়। রোববার অফিসে গিয়ে তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন নাইম। পরে সোমবার বিকেলে তিনি তার অফিসে দুপক্ষের শুনানি করছিলেন। শুনানি চলাকালে নাইম অফিসে প্রবেশ করতে চাইলে পিয়ন তাকে অপেক্ষা করতে বলেন।
এ সময় রেগে গিয়ে তিনি পিয়নের সঙ্গে চোটপাট করেন। হুমকি দিয়ে বলেন, এখানে ভূমি অফিসই থাকবে না। আর এসি-ল্যান্ড কীভাবে এখানে চাকরি করেন সেটাও তিনি দেখে নেবেন।
তার এ ধরনের হম্বিতম্বির পর তাকে আটক করা হয়। এরপর দন্ডবিধি ১৮৬০-এর অধীনে ১৮৬ ও ১৮৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে দেড় বছর কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান এসি-ল্যান্ড।









