ছবিঘর

এখন একটু ভয়ও লাগে

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কিছুদিন আগে শাকিব খান ভাইয়ের ‘প্রিন্স’ ছবির প্রস্তাবও পেয়েছি। তবে চরিত্রটার গুরুত্ব আছে বলে মনে হয়নি। নির্মাতাকে বলেছি, তাঁর অন্য কোনো ছবিতে কাজ করব

 

আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না…
গাজীপুরে শুটে আছি। এখন বিরতি পেলাম বলেই কথা বলতে পারছি।

সকাল থেকে একটি পোশাক ব্র্যান্ডের শুট নিয়ে ব্যস্ততা ছিল। আপনি ছাড়া আরো অনেকে কল করেছেন, ধরতে পারিনি।

‘সানগ্লাস’ নাটকটি ইউটিউবে এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?
ভালোই।

তবে আরো আশা করেছিলাম। আসলে নাটকটা মুক্তির আগে কোনো প্রমোশনই হয়নি। আমার সহশিল্পী শাশ্বত দত্তের তো কোনো পেজ নেই। প্রযোজনা সংস্থাও যোগাযোগ করেনি আমাদের সঙ্গে।

সাধারণত অন্য নাটকের বেলায় পোস্টার শুট হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে প্রচারণার প্ল্যান শেয়ার করা হয়। অথচ এই নাটকের বেলায় পেশাদারিত্ব পেলাম না। তার পরও চার দিনে দুই লাখ ভিউ হয়েছে। খারাপ কি! যাঁরা দেখেছেন সুন্দর সুন্দর মন্তব্যও করেছেন।

 

মুশফিক আর ফারহানের সঙ্গে ‘রং নাম্বার’ নাটকটা গত মাসের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখনো মুক্তি পায়নি…
এটা তো প্রযোজনা প্রতিষ্ঠানই বলতে পারবে। তবে যতদূর জেনেছি স্পন্সর জটিলতা ছিল। যাহোক, এখন চূড়ান্ত হয়েছে, বৃহস্পতিবার নাটকটি আরটিভিতে প্রচারিত হবে, প্লাস ইউটিউবেও দেখা যাবে।

 

‘রং নাম্বার’-এর গল্পটা কেমন?
সাম্প্রতিককালে যে নাটকগুলোতে অভিনয় করেছি তার মধ্যে ‘রং নাম্বার’ সেরা। গত শতকের নব্বইয়ের দশকের সাদামাটা এক পারিবারিক গল্প। তখন ল্যান্ড ফোন ছিল। প্রেমিক-প্রেমিকা একটা কলের জন্য কত অপেক্ষা করত। একটা সময় কল এলেও বাবা-মায়ের ভয়ে ধরতে পারত না। এই সব ছোট বিষয়গুলো উঠে এসেছে। সেই সঙ্গে তখনকার মেয়েরা যে পরিবারের বাইরে সিদ্ধান্ত নিতে পারত না সে বিষয়টিও উঠে এসেছে। আমার মনে হয় দর্শকের ভালো লাগবে।

 

আর কোনো নাটক করেছেন?
এখন তো নাটক কম হচ্ছে। যে কয়টা হচ্ছে সে কয়টাতে একদম মোস্ট প্রমিনেন্ট আর্টিস্ট ছাড়া সুযোগ পাচ্ছেন না। এই যেমন কেয়া পায়েলরাই করছে সেগুলো। সামনে ভালোবাসা দিবস, রোজার ঈদ। গত বছরও এ সময় আমার শিডিউল ছিল না। মাসে আট-দশটা করে নাটক করেছি। এবার সেখানে হাতে গোনা দুই-তিনটা করছি। বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হাত গুটিয়ে নিয়েছে। হয়তো সামনে নির্বাচন, সেটা শেষ হলে আবার কাজে ব্যস্ততা আসবে।

 

চলচ্চিত্রের খবর আছে?
হ্যাঁ। কিছু দিনের মধ্যে বড় করে ঘোষণা দেব। আসলে গত বছরও আমি কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। ‘জংলী’, ‘দাগী’, ‘টগর’—ছবিগুলোর প্রস্তাব শুরুতে আমার কাছে এসেছিল। কিন্তু নাটকে এত ব্যস্ত ছিলাম যে করতে পারিনি। কিছুদিন আগে শাকিব খান ভাইয়ের ‘প্রিন্স’ ছবির প্রস্তাবও পেয়েছি। তবে চরিত্রটার গুরুত্ব আছে বলে মনে হয়নি। নির্মাতাকে বলেছি তাঁর অন্য কোনো ছবিতে কাজ করব। আমি যে চলচ্চিত্রটি নিয়ে ব্যাক করব সেটা দেখলে বুঝতে পারবেন আগের ছবিগুলো কেন ফিরিয়ে দিয়েছি।

 

আপনি তো সাভারে থাকেন। সেখান থেকে ঢাকায় এসে শুটিং করা ঝামেলা মনে হয় না?
এখন সয়ে গেছে। প্রতিদিনই তো আসা যাওয়ার মধ্যে থাকি। আর শুটিং স্পট তো বেশি উত্তরা ও গাজীপুরে। সেদিক থেকে আমি সুবিধা পাই। বিরুলিয়া হয়ে উত্তরা বা গাজীপুরে শর্টকাটে চলে আসতে পারি। তবে এখন একটু ভয়ও লাগে। বেশি রাত হলে বাসায় ফিরতে একটু আতঙ্কে থাকি। রাস্তাঘাটে তো নিরাপত্তা কম। অন্যদের মতো আমিও বিশ্বাস করি, নির্বাচনের পর প্রশাসন ঠিক হয়ে যাবে।