নিজস্ব প্রতিবেদক :
পরিবার প্রিমিয়ার লীগ–২০২৬ (সেশন ১১ ক্রিকেট টুর্নামেন্ট)-এর প্লেয়ার অকশন সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজশাহীর পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে লিচুবাগান যুব সংঘের আয়োজনে এই প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়।
এবারের পরিবার প্রিমিয়ার লীগে মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো : লিচুবাগান খলিফা কিংস, নটি রাইডার্স, হাতেমখাঁ নবাব, লিচুবাগান বুলস এবং লিচুবাগান বুলেট।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় :
সমাজ ও যুবসমাজের সুস্থ ও ইতিবাচক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যুবসমাজ বিভিন্ন ধরনের নেশা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। খেলাধুলা যুবসমাজকে এসব ক্ষতিকর প্রবণতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছর হাতেমখাঁ এলাকার সকল বয়সের মানুষকে সম্পৃক্ত করে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আয়োজকরা আরও জানান, আগামী ৩০ জানুয়ারি পরিবার প্রিমিয়ার লীগ–২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্লেয়ার অকশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিচুবাগান যুব সংঘ কমিটির সদস্য মো. রইস উদ্দিন, মো. মিঠুন, মো. সজিব ইসলাম, মো. কামরুল ইসলাম সিয়াম, মো. রিজবি হোসেন দ্বীপ, মো. আবু খালিদ সাকিবসহ বিভিন্ন দলের মালিকবৃন্দ। এছাড়াও এলাকার শ্রদ্ধেয় সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আনিস, মো. বাবর, মো. হোসেন খান, মো. রনি ইসলামসহ অনেকে।









