সিল্কসিটিনিউজ ডেস্ক :
কাজের সময় এবং পারিশ্রমিক বৈষম্য নিয়ে অনেক দিন ধরেই বলিউডে আলোচনা-সমালোচনা চলছে। অভিনেত্রী রাধিকা আপ্তে জানালেন, তিনিও এ লড়াইয়ে শামিল রয়েছেন অনেক আগে থেকে। কর্মঘণ্টা নিয়ে সমঝোতা না হওয়ায় অনেক ছবি ছেড়েও দেন তিনি। ফিল্মফেয়ারের সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘কর্মঘণ্টায় পরিবর্তন আনতে হবে।
কেউ তাঁর পরিবার ও সন্তানকে না দেখে দিনের পর দিন টানা শুটিং করবে—এমনটা প্রত্যাশা করতে পারেন না। এ বিষয়ে অনেকের সঙ্গেই আমার তর্ক হয়, আলোচনা হয়। বিষয়টা মানিয়ে নিতে কতটা লড়াই করতে হয়, আপনারা ভাবতেও পারবেন না! অনেকে বলেন, দেখভালের জন্য কাউকে রেখে কাজে আসা যায়। কিন্তু এটা তো সমাধান না।

’
রাধিকা মনে করেন, এমন ব্যবস্থা চালু করা দরকার, যেখানে শিল্পীরা ব্যক্তিগত এবং পেশাগত দুই জীবনে ভারসাম্য রাখতে পারবেন। তাঁর ভাষ্য, ‘১২ ঘণ্টার বেশি আমি কাজ করতে পারব না। এর মধ্যেই আমার যাতায়াত, মেকআপ, কস্টিউম, শুটিং—সবকিছু করতে হবে। যদি আমার যাতায়াতে দুই ঘণ্টা লেগে যায়, তাহলে বাকি সময় অনুযায়ী শুটিং শিডিউল হবে।
কিছু ব্যতিক্রম হতেই পারে, তবে এ ব্যাপারে আপস নয়।’









