সিল্কসিটিনিউজ ডেস্ক :
আসলে আমার চাকরিটা খুব সেনসিটিভ। অফিশিয়ালি কাউকে তাই জানানো হয়নি। ১১ জানুয়ারি জয়েন করেছি। সেদিন অফিসের অনুমতি নিয়ে একটা পোস্ট করেছি মাত্র।
বিস্তারিতও বলিনি সেখানে।

পড়াশোনা তাহলে শেষ হয়েছে…
[হা হা হা] পড়াশোনার কি শেষ আছে। বলতে পারেন গত বছর জুলাইতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। আরো পড়তে চাই।
জুলাইয়ের পর থেকে কিন্তু গত চার মাস এই চাকরির জন্য পড়াশোনা করেছি। দীর্ঘ একটা জার্নি ছিল চাকরিটার পরীক্ষায়। সারা জীবন চেয়েছি, একটা ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে, একসঙ্গে পথ চলতে। আমি পড়াশোনাও করেছি চাইল্ড ডেভলপমেন্ট বিষয়ে। সাবজেক্ট ওয়াইজ চাকরি পাওয়াটা কিন্তু ভাগ্যের।
আর সেটা যদি হয় ব্র্যাকের মতো প্রতিষ্ঠান তাহলে তো সোনায় সোহাগা।
প্রতিষ্ঠানটির কোন বিভাগে যোগ দিয়েছেন?
আমি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে আছি। বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। বিগত দিনে নানা দুর্যোগেও ব্র্যাক সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমি এমন একটা সেক্টরে যুক্ত হতে পেরে দারুণ খুশি।
কী কী দায়িত্ব পালন করবেন?
মাত্র তো চার দিন হলো জয়েন করেছি। এখনো দায়িত্ব বুঝে পাইনি। একটু তো সময় দেবেন। তবে যে দায়িত্বটাই কাঁধের ওপর বর্তায় সঠিকভাবে পালন করব। এটা আমার সততা।
অভিনয়ে কী ছেদ পড়বে?
আমার তো মনে হয় না। যে সাঁতার জানে সে ডুবে মরে না। আমি তো পড়াশোনার পাশাপাশি অভিনয় করেছি। কখনো তো একটার জন্য আরেকটা বাদ দিইনি। এখনো তাই হবে। জানেনই তো, আমি কখনো বছরে দুটির বেশি কাজ করিনি। সব কাজ হাতে নিইও না। গত বছর ‘অন্ধকারের গান’ করেছিলাম। তার আগের বছর ‘মোবারকনামা’। এ বছর যদি ভালো কাজের প্রস্তাব পাই তখন শিডিউল মিলিয়ে নেব। ঝামেলা হওয়ার কথা নয়।
গত বছর বলেছিলেন, বাণিজ্যিক ছবিতে যুক্ত হবেন…
পড়াশোনার চাপ থাকায় ছবি করতে পারিনি। দুটি ছবি চূড়ান্ত ছিল। কিন্তু যদি করতে যেতাম তাহলে সেমিস্টার ব্রেক হতো। আমার মনে হয়েছে, পড়াশোনাটা আগে শেষ করি। ছবির প্রস্তাব তো আসবেই। পরেও করা যাবে। নিয়ত ঠিক থাকলে জীবনে সব হয়।
এখন মূল ফোকাস কী? চাকরি না অভিনয়?
মূল ফোকাস জীবন। যেটা করলে আফসোস হবে না, সেটাই করতে চাই। সেদিকেই নজর দিতে চাই। আমি সব সময় যেমন জীবনের অর্থ খুঁজেছি তেমন আমার করা চরিত্রগুলোরও অর্থ খুঁজেছি। আমার করা কনটেন্টগুলো দেখলে বুঝতে পারবেন, কেন করেছি। আগামীতেও যে গল্প ও চরিত্র করব, সেখানেও এই ধারাবাহিকতা পাবেন। নইলে শুধু শুধু কাজ করে লাভ নেই।









