সিল্কসিটিনিউজ ডেস্ক :
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সোমবার দিবাগত রাতে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে।
তিনি একটি ইনস্যুরেন্স কম্পানিতে চাকরি করতেন।
নিহতের সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার দুপুরের দিকে তিনি পারিবারিক কাজে কবিরহাট যান। সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে ভগ্নীপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশে যাচ্ছিলেন।

পথে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছলে কবিরহাটগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ও তার ভগ্নীপতি দুজনেই গুরুতর আহত হন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পলাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানানো হয়। এর বেশি কিছু আমাদের জানা নেই।










