সিল্কসিটিনিউজ ডেস্ক :
নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ইয়াসিন আহমেদ সিয়াম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম জেলার বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, রবিবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন সিয়াম। পরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন তিনি। প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাত্রা করছিলেন সিয়াম।
সকাল নয়টার দিকে ট্রেনটি জেলা শহরের রাজুরবাজার এলাকায় পৌঁছালে যাত্রীদের চাপে দরজা দিয়ে ছিটকে পড়ে তিনি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা বড় স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দীন জানান, আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে যাত্রা করছিলেন সিয়াম। রাজুরবাজার এলাকায় পৌঁছানোর পর তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’










