নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে সিএনজিতে বসে থাকা অবস্থায় আব্দুর রহমান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে বাহিরগোলা রোডে এ হত্যার ঘটনা হয়।
নিহত আব্দুর রহমান শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি শহরের ইসলামিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তাকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা বসেছিলেন কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পেছন থেকে কতিপয় কিশোর দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে তার ওপর উপর্যুপরি আঘাত করেন। বেশ কয়েকটি আঘাতের পর তারা পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও বন্ধুরা জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোনকল করে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ। গিয়ে দেখি তাকে কোপানো হয়েছে, সে মারা গেছে। শুনেছি কিছু কিশোর তাকে কুপিয়ে পালিয়ে গেছে। হত্যাকারীদের শাস্তির দাবি করেছেন তারা।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রায়হান খন্দকার জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, ‘পুর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। তিনজনকে আটক করা হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আটককৃতদের জিজ্ঞেসাবাদ চলছে।’









