রাজশাহী

বিদ্যুৎ ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে ক্যাব রাজশাহীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান। ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, শিক্ষা সুরক্ষা কমিটি রাজশাহীর সহসভাপতি ওবায়দুর রহমান, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমরম, দপ্তর সম্পাদক কবি অম্লান অনিরুদ্ধ, ক্যাব পবা উপজেলা সভাপতি কাজী নাজমুল ইসলাম, ক্যাব ইয়ুথ গ্রুপের সভাপতি জুলফিকার হায়দর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাগরিকা এবং ক্যাব ইয়ুথ গ্রুপ রাজশাহী কলেজ সভাপতি শরিফুল ইসলাম সৌরভসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, দায়মুক্তি আইন বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এই আইনের সুযোগে জনগণের অর্থ ব্যয় করে করা বহু চুক্তি জনস্বার্থবিরোধী ও অস্বচ্ছ। তিনি বলেন, “জনগণের অর্থে গড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনোভাবেই একটি গোষ্ঠীর মুনাফার ক্ষেত্র হতে পারে না। দায়মুক্তির সংস্কৃতি বাতিল করে সব বিতর্কিত বিনিয়োগ ও ক্রয় চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে এবং জনস্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে।