রাজশাহী

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ অন্যরা অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয়তো আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’ সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।