নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দায়িত্ব গ্রহণ করেছে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন কার্যনির্বাহী কমিটি। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে ক্লাবের পঞ্চম ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ও উৎসবমুখর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটি তার পঞ্চম বর্ষে পদার্পণ করে এবং রোটারি ২০২৫-২৬ বছরের প্রতিপাদ্য হিসেবে ঘোষণা করা হয় ‘ঐক্যবদ্ধ’ থিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম আবদুর রাজ্জাক। তিনি বলেন, রোটারি একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন, যার শক্তি হলো ঐক্য ও সেবার মানসিকতা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল যেভাবে ধারাবাহিকভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা প্রশংসার দাবি রাখে। তিনি নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের পরিচালক রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল জোন-৫ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান আমিনুল ইসলাম শাহীন, রোটারিয়ান মো. ফখরুল ইসলাম, রোটারিয়ান মো. ওয়াসিকুর রহমান, লায়ন ড. কাজী কামাল আহমেদ, রাজশাহী টিটিসির প্রিন্সিপাল মো. নাজমুল হক, রোটারি পাবলিক ইমেজের পরিচালক ড. মো. গোলাম মাওলা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শরিফুল হক ও বিগত বছরের সাধারণ সম্পাদক রোটারিয়ান আতিকুর রহমান ক্লাবের গত চার বছরের অর্জন ও চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, নারীর ক্ষমতায়ন কর্মসূচি এবং দুর্যোগকালীন সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স.আর









