সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পারমাণবিক শক্তি আইনগুলোর বিস্তৃত সংস্কার এবং বীমা খাতকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে বলে শুক্রবার দুজন সরকারি সূত্র জানিয়েছেন। এ অনুমোদন দুটি গুরুত্বপূর্ণ খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণের বড় নীতি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারত ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের সক্ষমতা ১২ গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। সে লক্ষ্যে, কয়েক দশক ধরে চলা রাষ্ট্রীয় একচেটিয়া নিয়ন্ত্রণ শিথিল করা হচ্ছে এবং কঠোর দায়বদ্ধতাসংক্রান্ত বিধান সহজ করা হচ্ছে, যাতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের আকৃষ্ট করা যায়।

পারমাণবিক খাতের এই পরিবর্তনগুলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ—যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক উৎপাদনক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করা। কয়লার ওপর নির্ভরতা কমানো এবং জলবায়ু প্রতিশ্রুতি পূরণে ভারত এই উদ্যোগ নিয়েছে।
বীমা খাতে, সরকার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সর্বোচ্চ সীমা বর্তমান ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব করেছে।
উভয় আইনি সংশোধনীই সংসদের চলতি শীতকালীন অধিবেশনে অনুমোদনের জন্য তালিকাভুক্ত রয়েছে।










