রাজশাহী

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক শারীরীক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবকের নাম আজিজুল মোল্লা (২৮)। বাড়ি পুঠিয়া উপজেলার দমদমা গ্রামে।

তদন্ত কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মোমেনশাহ রোডের টিআইসি গেইট এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১ এর সিপিসি-২ এর একটি দল যৌথভাবে এ অভিযান চালায়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, ওই প্রতিবন্ধী তরুণীর মা, বাবা ও ভাই ঢাকায় থাকেন। আর তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। আসামি আজিজুল মোল্লা সম্পর্কে তার চাচা। গত ২২ অক্টোবর দুপুরে ওই তরুণীর দাদি বাড়িতে ছিলেন না। তখন আজিজুল মোল্লা বাড়ি গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন।

এ কথা কাউকে না বলার জন্য নানারকম ভয়ভীতি দেখিয়ে আজিজুল সেদিন চলে যান। পরবর্তীতে বিভিন্ন সময় ওই তরুণীকে ধর্ষণ করেন আজিজুল। একপর্যায়ে ওই তরুণীর দাদি ঘটনা জানতে পারেন। পরে ওই তরুণীর মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় একটি মামলা করেন।

মামলার পর আসামি আজিজুল আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও জানিয়েছে র‌্যাব।