নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধোরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কাজলা গেটে ( রাজশাহী -নাটোর মহাসড়ক) অবরোধ করে বিক্ষোভ করছে।
বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন।এরপর সড়কে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন।
তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
তাদের ভাষ্য, গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়।
ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধোরের আঘাতের চিহ্ন রয়েছে।
আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
পুলিশ জানিয়েছে, এঘটনায় তদন্ত চলছে।
ঘটনার প্রতিবাদে ঐ রাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।










