সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বিদেশিরা ৬০% কনটেইনার হ্যান্ডল করবে

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৫৪ মিনিট পড়া
বিদেশিরা ৬০% কনটেইনার হ্যান্ডল করবে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতার এক বিশাল অংশ প্রায় ৬০ শতাংশ বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) কাঠামোর আওতায় চুক্তির শর্তাবলি ‘গোপনীয়তার’ মধ্যে রেখেই গতকাল সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের ৩৩ বছর মেয়াদি এবং সুইজারল্যান্ডের মেডলগ এসএর সঙ্গে পানগাঁও নৌ টার্মিনালের ২২ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির প্রক্রিয়া, বিশেষ করে লালদিয়া টার্মিনালের ক্ষেত্রে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা আইএফসি কর্তৃক ৬২ দিনের জন্য প্রস্তাবিত প্রক্রিয়া মাত্র দুই সপ্তাহে শেষ করায় প্রশ্ন তুলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি, বাম জোট এবং ইসলামপন্থী দলগুলো।

জানা যায়, লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের প্রস্তাব ৪ নভেম্বর দাখিল করা হয়। এরপর ৫ নভেম্বর কারিগরি এবং ৬ নভেম্বর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হয়। এমনকি ৭ ও ৮ নভেম্বর সরকারি ছুটির দিনেও দর-কষাকষি চলে বলে অভিযোগ উঠেছে। ৯ নভেম্বর বন্দর বোর্ড সভার অনুমোদন পাওয়ার পর ১০-১১ নভেম্বর নৌপরিবহন ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন হয়।

এরপর ১২ নভেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশ এবং ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে লেটার অব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লেটার অব অ্যাওয়ার্ড দেওয়ার পর সাধারণত দুই সপ্তাহ সময় দেওয়া হলেও মাত্র এক দিনের কম সময়ের ব্যবধানে গতকাল এই চুক্তি সম্পন্ন হয়েছে।

বন্দরের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, চুক্তির কোনো শর্ত দেশের স্বার্থ সুরক্ষিত না করলে পরে বড় ধরনের খেসারত দিতে হতে পারে, যার উদাহরণ দক্ষিণ আফ্রিকার জিবুতিতে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু থাকা চারটি কনটেইনার টার্মিনালের কার্যক্রমও বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হবে।

এর মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল গত বছর থেকেই সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের হাতে রয়েছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বর্তমানে নৌবাহিনী নিয়ন্ত্রিত ড্রাইডক পরিচালনা করলেও ডিসেম্বরের মধ্যে এটি আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। বে-টার্মিনাল প্রকল্পের একটি অংশ ডিপি ওয়ার্ল্ড ও অন্য অংশ সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনালের কাছে যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আছে। ফলে বিদ্যমান জেনারেল কার্গো বার্থ-জিসিবি ও চিটাগং কনটেইনার টার্মিনাল-সিসিটি ব্যতীত বন্দরের বেশির ভাগ কনটেইনার হ্যান্ডলিং অর্থাৎ প্রায় ৬০ শতাংশ কনটেইনার বিদেশিদের নিয়ন্ত্রণে চলে যাবে।

বন্দরের মালিকানা বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে পতিত স্বৈরাচারের দোসরদের হাতে বন্দরের মালিকানা তুলে দিলে ড. মোহাম্মদ ইউনূসকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি লালদিয়া চুক্তির স্থানীয় অংশীদার হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আত্মীয়ের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এই উদ্যোগকে জাতীয় নিরাপত্তার প্রতি স্পষ্ট হুমকি উল্লেখ করে বলেছেন, চুক্তির শর্ত প্রকাশ না করে দেশের কৌশলগত সম্পদ হস্তান্তরের চেষ্টা তাঁরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন এবং প্রয়োজনে গণ-আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছেন।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক চুক্তির শর্তাবলি প্রকাশ করে তার ওপর বিশেষজ্ঞ মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি জনগণের অধিকারের কথা উল্লেখ করেছেন। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, বিদেশি অপারেটর যদি আমাদের দক্ষতা বাড়ায় ও খরচ কমায়, তাহলে তাদের স্বাগত জানাই। কিন্তু সেটা গোপন চুক্তির মাধ্যমে না।

বাসদ-মার্ক্সবাদীর চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁদের যে তিনটি কাজের কথা বলেছেন, তার বাইরে গিয়ে ‘এখতিয়ার বহির্ভূতভাবে’ চট্টগ্রাম বন্দর বিদেশি কম্পানিকে ইজারা দিতে ‘উঠে পড়ে লেগেছেন’। সন্দেহজনক তাড়াহুড়া, অনিয়ম ও গোপনীয়তার মাধ্যমে লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের কম্পানি এপিএমের কাছে ৪৮ বছরের জন্য ইজারা দিয়েছে। এত গোপনভাবে কেন চুক্তি করতে হচ্ছে? গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ এই তাড়াহুড়াকে ‘চরম বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচন ও আইন-শৃঙ্খলার মতো জরুরি বিষয় বাদ দিয়ে বন্দর নিয়ে সরকারের তাড়াহুড়া সন্দেহ তৈরি করে।

বিতর্কের মুখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি স্পষ্ট করেন, বন্দরের মালিকানা বাংলাদেশেরই থাকছে; বিদেশি প্রতিষ্ঠান শুধু নির্মাণ ও নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনার দায়িত্বে থাকবে। বন্দরের দুর্বল পারফরম্যান্স (বিশ্ব র্যাংকিংয়ে ৩৩৪তম) এবং দুর্নীতির চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অপারেটর জরুরি। চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ না করার কারণ হিসেবে তিনি আইনি সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দরপত্র প্রক্রিয়ায় সরকারের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করেন। দ্রুত কাজ শেষ করার পক্ষে আশিক চৌধুরী বলেন, এখন যখন সরকারের কিছু অন্তঃপ্রাণ অফিসার লেজার ফোকাস নিয়ে দিনরাত খেটে একটি বড় কাজ এগিয়ে নিয়ে গেল, তখন তো সবার বলা উচিত, ‘দে মেড আস ফ্লাই’!!