সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ক্যারিবীয় অঞ্চলে নৌকায় মার্কিন সেনাবাহিনীর ২০তম হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
ক্যারিবীয় অঞ্চলে নৌকায় মার্কিন সেনাবাহিনীর ২০তম হামলায় নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাদক পরিবহনের অভিযোগে একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় চারজন নিহত হয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে। এটি এ ধরনের ২০তম হামলা। দক্ষিণ আমেরিকার জলসীমায় ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান জোরদার করায় হামলার সংখ্যা বাড়ছে।

মার্কিন সাউদার্ন কমান্ড শুক্রবার এক সামাজিক মাধ্যমে জানায়, সোমবার ক্যারিবীয় সাগরে এই হামলা চালানো হয়।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত মোট ৮০ জন নিহত হয়েছে। সাউদার্ন কমান্ডের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ওপর দিয়ে দ্রুতগতিতে ছুটে চলা একটি নৌকা আগুনে পুড়ে গেছে। কমান্ড দাবি করেছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি মাদক চোরাচালানে জড়িত ছিল এবং পরিচিত পাচার রুট দিয়ে মাদক বহন করছিল।
সাধারণত এসব হামলার ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যমে দেন।

তবে এবার সাউদার্ন কমান্ড নিজেই বিবৃতি দিয়েছে এবং পরে হেগসেথ তা আবার পোস্ট করেছেন। হেগসেথ সোমবার জানিয়েছিলেন, এর আগের দুই হামলা রবিবার পরিচালিত হয়েছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার সরকার মাদক পাচারে সহযোগিতা করছে। অন্যদিকে মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ‘কৃত্রিম যুদ্ধ’ সাজাচ্ছে।

সম্ভাব্য হামলার আশঙ্কায় ভেনেজুয়েলা এ সপ্তাহে ব্যাপক সামরিক ও বেসামরিক মোতায়েন করেছে বলেও জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মাদক কার্টেলের সঙ্গে সশস্ত্র সংঘাতে রয়েছে এবং হামলার লক্ষ্যবস্তু হওয়া নৌকাগুলো বিদেশি সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছে, যারা যুক্তরাষ্ট্রে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তবে রিপাবলিকানসহ বিভিন্ন দলীয় আইনপ্রণেতা জানতে চেয়েছেন—কারা লক্ষ্যবস্তু হচ্ছে এবং হামলার আইনগত ভিত্তি কী?

সূত্র : এপি