সিল্কসিটিনিউজ ডেস্ক :
দ্রুতগতির জীবন ও অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে চোখের সমস্যায় ভুগছে অনেকে। ক্লান্তি, শুষ্কতা বা ব্যথার মতো উপসর্গকে সাধারণত স্ক্রিন টাইমের প্রভাব মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন—ভিটামিনের ঘাটতিও চোখের ব্যথার বড় কারণ।
বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন বি১২–এর অভাব চোখের স্নায়ু ও রেটিনার ওপর সরাসরি প্রভাব ফেলে, যা ব্যথা থেকে শুরু করে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া পর্যন্ত নানা সমস্যা সৃষ্টি করতে পারে।

ভিটামিন এ-এর অভাবে কী হয়
চোখের কর্নিয়া সুরক্ষিত রাখা ও রেটিনার সঠিক কাজ বজায় রাখতে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর অভাবে যে সমস্যাগুলো দেখা দিতে পারে—
চোখ বারবার শুষ্ক হয়ে যাওয়া
আলোতে দেখতে সমস্যা
লালভাব, জ্বালা
ঝাপসা দৃষ্টি
চোখে ব্যথা বা ভারী ভাব
অতিরিক্ত ঘাটতি হলে রাতকানা ও কর্নিয়ার স্থায়ী ক্ষতিও হতে পারে।
ভিটামিন বি১২-এর ঘাটতিতে চোখের ব্যথা
ভিটামিন বি১২ মূলত স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। এর অভাব অপটিক স্নায়ুকে দুর্বল করে, ফলে চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি ও রং চিনতে অসুবিধা দেখা দিতে পারে। তীব্র ঘাটতির ক্ষেত্রে তৈরি হয় অপটিক নিউরোপ্যাথি, যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত করে।
লক্ষণগুলো হলো—
চোখের পেছনে ব্যথা বা ঝিনঝিনি
ঝাপসা দেখা
ক্লান্তি ও মাথা ঘোরা
চোখে শিরশিরে ভাব
ভিটামিন A এর প্রধান খাদ্য উৎস
গাজর : বিটা-ক্যারোটিন সমৃদ্ধ; রেটিনাকে শক্তিশালী করে এবং ছানি পড়ার ঝুঁকি কমায়।
মিষ্টি আলু : দৃষ্টিশক্তি উন্নত করে।
পালং শাক : ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্যকারী ফাইটোকেমিক্যাল থাকে।
মেথি : মেথির পানিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি বাড়ায়।
দুধ ও দই : ক্যালসিয়াম ও ল্যাকটিক এসিড চোখকে সুস্থ রাখে।
ঘি : চোখের পুষ্টিতে সহায়ক ভালো ফ্যাটের উৎস।
ডিমের কুসুম : ক্যারোটিনয়েড সমৃদ্ধ, দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক।
মাছ : সালমন, সার্ডিন, ম্যাকেরেল—ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ; রেটিনার জন্য অত্যন্ত জরুরি।
ভিটামিন বি১২ এর উৎস
দুধ ও অন্যান্য দুগ্ধজাত খাবার
ডিম
মুরগির মাংস
বি১২–সমৃদ্ধ সিরিয়াল
সমাধান কী
চোখের ব্যথা উপেক্ষা করলে পরে সমস্যা বাড়তে পারে।
তাই—
খাবারে নিয়মিত ভিটামিন এ ও বি১২-এর উৎস রাখুন
দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করলে বিরতি নিন
চোখ শুষ্ক হলে পানি পান বাড়ান
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিন
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো খাদ্যাভ্যাস ঠিক করা ও নিয়মিত চোখ পরীক্ষা করানোই দীর্ঘমেয়াদে চোখকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র : ইটিভি









