সিল্কসিটিনিউজ ডেস্ক:
গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজার অনেক এলাকা ইসরায়েল নিয়ন্ত্রণে রেখেছে। ওইসব এলাকায় এক হাজার ৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। বিবিসির বিশ্লেষণে এই খবর উঠে এসেছে।
উপগ্রহচিত্রের বিশ্লেষণে ৮ নভেম্বর তোলা সর্বশেষ ছবির সঙ্গে নতুন কিছু ছবি তুলনা করে দেখা হয়েছে।

মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত ফিলিস্তিনি পাড়া-মহল্লাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এগুলো সম্ভবত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংস হওয়া ভবনের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কারণ কিছু এলাকার উপগ্রহচিত্র বিশ্লেষণ করা সম্ভব হয়নি।
কয়েকজন বিশেষজ্ঞের মতে, এসব ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করতে পারে। তবে আইডিএফের একজন মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, ‘তারা যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই কাজ করছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছিল, ‘সব ধরনের সামরিক অভিযান, বিমান ও আর্টিলারি হামলাও বন্ধ থাকবে।
ট্রাম্প পরবর্তীতেও একাধিকবার বলেছেন, ‘যুদ্ধ শেষ’।
বিবিসি ভেরিফায়েড উপগ্রহচিত্রভিত্তিক ভিজ্যুয়াল বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতি চলার পরও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপকভাবে ভবন ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে। তারা যুদ্ধবিরতির আগে ও পরে তোলা রাডারচিত্র বিশ্লেষণে পরিবর্তন শনাক্ত করার জন্য একটি অ্যালগরিদম ব্যবহার করেছে, যা ধ্বংসের ইঙ্গিত দিয়েছে। এরপর হাতে গোনা পদ্ধতিতে দৃশ্যমানভাবে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষণে গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্ত বরাবর চলা ইয়েলো লাইনের পেছনে ধ্বংস হওয়া ভবনগুলোর ওপর নজর দেওয়া হয়েছে।
অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েল তাদের বাহিনী ওই সীমারেখা পর্যন্ত সরিয়ে নিতে সম্মত হয়েছিল। এই সীমারেখাটি আইডিএফ প্রকাশিত মানচিত্রে হলুদ রেখা দিয়ে চিহ্নিত করা ছিল।
চহ
বাড়িঘর, ফলবাগান ও বাগান মাটির সঙ্গে মিশে গেছে
অনেক ভবনে যুদ্ধবিরতির আগে ক্ষতির চিহ্ন দেখা যায়নি, এখন পুরো ধ্বংস হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, খান ইউনিসের পূর্বাঞ্চলের আবাসান আল-কবিরা এলাকার কথা। উপগ্রহ থেকে তোলা ছবিতে বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া কঠিন, তবে ছবিগুলোতে দেখা গেছে, এসব ভবনের কাঠামোয় কোনো দৃশ্যমান ক্ষতি ছিল না। আশপাশে ধ্বংসস্তূপ বা ভবনের আকারে পরিবর্তনের কোনো ইঙ্গিতও মেলেনি। সেখানে বাড়িঘরগুলোর সঙ্গে ছিল বাগান, গাছপালা এবং কিছু ছোট ফলের বাগান।
২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর সময় তোলা উপগ্রহচিত্র এবং যুদ্ধবিরতির সময়ের আশপাশে তোলা ছবির তুলনা করে দেখা গেছে, ওই এলাকার বহু ভবনে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। আবাসান আল-কবিরার বাসিন্দা লানা খালিল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে কাছের আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নিয়েছেন। তিনি তার বাড়িটিকে ‘স্বর্গের মতো’ বলে বর্ণনা করেছেন। সেখানে ছিল খামার ও শাকসবজিতে পরিপূর্ণ। কিন্তু এখন, গাজার অনেক এলাকার মতো তার সেই প্রিয় জায়গাটিও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
লানা খালিল বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আমাদের কিছুই রেখে যায়নি, তারা সবকিছু গুঁড়িয়ে দিয়েছে।’ তিনি আরো জানান, আল-মাওয়াসির তাঁবুতে বসেই তারা নিজেদের এলাকার ভবনগুলো ধ্বংসের শব্দ শুনতে পেতেন।
ধ্বংসযজ্ঞ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছে, ‘চুক্তি অনুযায়ী গাজার সর্বত্র সব ধরনের সন্ত্রাসী অবকাঠামো (যার মধ্যে হামাসের টানেলও অন্তর্ভূক্ত) ধ্বংস করতে হবে। ইসরায়েল হুমকি, লঙ্ঘন এবং সন্ত্রাসী অবকাঠামোর প্রতিক্রিয়ায় কাজ করছে।’
১৮ অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছিলেন, ‘সন্ত্রাসী টানেল ও সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের মাধ্যমে গাজাকে নিরস্ত্রীকরণ করা ইসরায়েলের নিরাপত্তানীতির একটি স্পষ্ট অংশ।’
হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত ট্রাম্পের শান্তি পরিকল্পনার ১৩ নম্বর পয়েন্টে যুদ্ধবিরতির প্রকাশিত শর্তগুলোর মধ্যে বলা হয়েছে, ‘সব সামরিক, সন্ত্রাসী ও আক্রমণাত্মক অবকাঠামো, যার মধ্যে টানেল ও অস্ত্র উৎপাদন কেন্দ্রও রয়েছে, সেগুলো ধ্বংস করতে হবে এবং পুনর্নির্মাণ করা যাবে না।’ তবে পরিকল্পনাটিতে আরো বলা হয়েছে, গাজার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া স্বাধীন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই)-এর সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো ড. এইচ এ হেলিয়ার বলেন, ‘এটি নিঃসন্দেহে যুদ্ধবিরতির লঙ্ঘন।’ তিনি আরো যোগ করেন, ‘ওয়াশিংটন ডিসি এটি স্বীকার করতে অনিচ্ছুক। তারা জোর দিচ্ছে, যুদ্ধবিরতি বজায় থাকতে হবে—যদিও বাস্তবে তা বজায় থাকছে না।’
অন্যদিকে ইটান শামির দাবি করেন, আইডিএফ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে না। তিনি বিবিসি ভেরিফাইকে জানান, আইডিএফের ভেতরের তার সূত্রগুলোর মতে, ‘হামাস তাদের নিয়ন্ত্রিত এলাকায় যা খুশি করতে পারে, আর ইসরায়েলও তাদের নিয়ন্ত্রিত এলাকায় যা খুশি করতে পারে।’ তার সূত্র অনুযায়ী, আইডিএফের মধ্যে ধারণা রয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে না।
তিনি বলেন, ‘তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে জায়গাটি প্রস্তুত করা প্রয়োজন, যেন আমাদের সেনাদের ওপর হামলার সুযোগ তাদের না থাকে।’ তিনি আরো বলেন, হামাসের পক্ষ থেকে ইয়েলো লাইন অতিক্রম করার ঘনঘন চেষ্টা করা হচ্ছে। এখনো বহু টানেল রয়েছে যেগুলোর মোকাবিলা করা বাকি।’
কয়েকজন বিশ্লেষক যেমন রাটগার্স বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আদিল হক বলেছেন, ‘ইসরায়েল সম্ভবত যুদ্ধের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কারণ দখলদার শক্তি বেসামরিক সম্পত্তি ধ্বংস করতে পারবে না।’
তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধ পরিচালনা বা যুদ্ধের প্রত্যক্ষ প্রস্তুতির অংশ হিসেবে, এই নিয়মের ব্যতিক্রম কেবল তখনই হতে পারে। তার মতে, যুদ্ধবিরতির সময়ে এতো ব্যাপকভাবে বেসামরিক সম্পত্তি ধ্বংস করা, সামরিক প্রয়োজনে একেবারে অপরিহার্য।
ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক কাউন্সিলের সিনিয়র পলিসি ফেলো হিউ লাভাট বলেন, শেষ পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ শান্তি পরিকল্পনাকেই বিপন্ন করতে পারে। তিনি বলেন, ‘ইসরায়েল যতদিন ইয়েলো লাইনের পেছনের এলাকায় অবস্থান করবে, তাদের ধ্বংসযজ্ঞ ততই বাড়বে। ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহারের বিষয়ে বিলম্ব করছে এবং পশ্চিম তীরের মতো নতুন স্থায়ী বাস্তবতা তৈরি করার চেষ্টা করছে, এই ধারণা যুদ্ধবিরতি রক্ষার ক্ষেত্রে ক্রমেই বড় হুমকি হয়ে উঠবে।’
সূত্র : বিবিসি










