বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র রক্ষার প্রশ্নে খালেদা জিয়া কখনো কারও সঙ্গে আপোষ করেননি। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিএনপি ও তার নেতৃত্ব বরাবর লড়াই করে এসেছে, আর সেই চেতনা থেকেই বর্তমান রাজনৈতিক আন্দোলন পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসি ভবনে শাখা ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল।
গণতন্ত্র আর বিএনপি হলো অবিভাজ্য একটি বিষয়। বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সংকল্প। এটাকে কখনো খন্ডিত করা যায় না।
তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে এরশাদের সাথে যেমন কোন আপোষ করেনি, তেমন রক্তচোষা হাসিনার সাথেও কোন আপোষ করেনি খালেদা জিয়া।
সেই প্রেরণা নিয়ে আমরা কাজ করছি এবং ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়েই ৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এবং সে (শেখ হাসিনা) পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ৭ নভেম্বর অল্প পরিসরে বলা যায় না। ৭ নভেম্বরেই আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। কারণ স্বাধীনতার একজন তূর্যবাদক লাগে, যিনি নির্ভয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেন।