সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে দেশে একটি মহল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করে দেন, নির্বাচন পিছিয়ে দেওয়া মানেই দেশের সর্বনাশ। সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সঙ্গে মতবিনিময়সভায় এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে কিছু হয়নি।

আমরা কিছু করিনি। দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখিনি। ২০২৪ সালে যাঁরা আছেন, তাঁরাই সব করেছেন—এ রকম একটা ধারণা দেওয়া হচ্ছে।’ উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘’৭১ না হলে কি বাংলাদেশ হতো? তোমাদের জন্ম হয়েছে এই দেশে।
এ কথাটা কখনো ভুলবে না।’
তিনি বলেন, ‘আমি কথাটা প্রায়ই বলি, আমরা একাত্তরকে ভুলতে পারি না। ১৯৭১ সালে আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।
আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে, নির্যাতন করে, শ্লীলতাহানি করে হত্যা করা হয়েছে। এ কথাগুলো তো আমরা ভুলতে পারি না। ৯টা মাস আমরা যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর রাখিনি কে কোথায় গেল। সেই দিন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি ভুলিয়ে দেওয়া যাবে? আমার জন্মকে কি আমি ভুলতে পারি? এটা মনে রাখতে হবে।’
ফখরুল বলেন, ‘আজ সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিযোদ্ধাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল পাক বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এ দেশের মানুষ আপস করতে পারে?’
মুক্তিযোদ্ধাদের আবারও ‘গর্জে ওঠার’ আহবান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তো গর্জে উঠতে হবে।
এরা আজ দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এ কাজগুলো করতে চাইছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজ আমাদের রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, আজ যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার।’
এ সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মনসুর আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আব্বা ভারতের রিফিউজি ক্যাম্পে ছিলেন : মির্জা ফখরুল জানিয়েছেন, তাঁর বাবা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রায় পুরোটা সময় ভারতের ইসলামপুরের রিফিউজি ক্যাম্পে ছিলেন। গতকাল বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। এতে একটি বইয়ের পেজের ছবিও যুক্ত করেন।
দেশের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের জন্য কিছু কথা বলা জরুরি উল্লেখ করে পোস্টে ফখরুল বলেন, ‘আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন, ১৯৭১ সালের ২৭ মার্চ আমার নানাবাড়ি যান। সঙ্গে নেন আমার ছোট দুই ভাই, দুই বোন এবং মাকে। তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরের রিফিউজি ক্যাম্পে। যুদ্ধের প্রায় পুরোটা সময় তিনি সেখানেই ছিলেন। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হয়। আমার বাবা ঠাকুরগাঁও ফিরে আসেন তখনই। এসে দেখেন, সব লুট হয়ে গেছে। আমার মরহুম মা তাঁর গয়না বিক্রি করেন। আমি যোগ দিই অর্থনীতির শিক্ষকতায়। প্রথম বেতন তুলে দিই আম্মার হাতে।’










