রাজশাহী

বাগমারায় যুবদল নেতার শ্বশুরবাড়িতে বোমা হামলা, এলাকায় চরম আতঙ্ক

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে, আনুমানিক রাত দুইটা ১০ মিনিটের দিকে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির বেলকুনির কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মাড়িয়া মোড়ের দিক দিয়ে পালিয়ে যায়।

বিস্ফোরণের তীব্র শব্দ ও ধোঁয়ায় পুরো এলাকা একসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে পরিবার-পরিজনসহ আশপাশের গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মূল ফটকের সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কৌটা (বোমার অবশিষ্টাংশ বলে ধারণা করা হচ্ছে) উদ্ধার করে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এলাকাবাসীর অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় এ ধরনের হামলা জনমনে নতুন করে ভয়ের সঞ্চার করেছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল বলেন,

“এটা একটা রাজনৈতিক হামলা। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। রাজনীতি হবে মানুষের কল্যাণে—বোমা মেরে রাজনীতি হয় না। আমার শ্বশুরবাড়িতে বোমা হামলা সত্যিই ন্যাক্কারজনক। শুধু সেখানে নয়, আমার বাসার সামনেও একটি ব্যাগে ককটেল সদৃশ বোমা পাওয়া গেছে।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”