সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ডিএনএ আবিষ্কারের অগ্রদূত জেমস ওয়াটসনের মৃত্যু

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৫৪ মিনিট পড়া
ডিএনএ আবিষ্কারের অগ্রদূত জেমস ওয়াটসনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডিএনএ’র গঠন আবিষ্কারকারীদের একজন হিসেবে পরিচিত নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। খ্যাতনামা এই মার্কিন জীববিজ্ঞানী বৃহস্পতিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের এক ‘হসপিস কেয়ার’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিবিসির খবরে বলা হয়, হসপিস কেয়ার হলো এমন এক ধরনের চিকিৎসা ও সেবা ব্যবস্থা; যা মূলত সেই সব রোগীদের দেওয়া হয়, যাদের রোগ নিরাময় করা সম্ভব নয় এবং যারা জীবনের শেষ পর্যায়ে রয়েছেন। ওয়াটসন দীর্ঘ সময় ধরে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৫৩ সালে গবেষক ফ্রান্সিস ক্রিকের সঙ্গে ডিএনএ’র দ্বি-হেলিক্স কাঠামো আবিষ্কার করে বিজ্ঞান জগতে বিপ্লব ঘটান ওয়াটসন। এই আবিষ্কারের জন্য তিনি ক্রিক ও মরিস উইলকিন্সের সঙ্গে ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান।

ডিএনএর ডাবল হেলিক্স গঠন শনাক্ত বিশ্বজুড়ে বিংশ শতাব্দীর অন্যতম সেরা বৈজ্ঞানিক সাফল্য হিসেবে ধরা হয়।

এই আবিষ্কার জীববিজ্ঞানের নতুন যুগের সূচনা করে দেয়, যার মাধ্যমে আণবিক জীববিজ্ঞানের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি ঘটে।
তবে জীবনের শেষভাগে ওয়াটসনের খ্যাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তার বিতর্কিত মন্তব্যের কারণে। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন যে, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের গড় বুদ্ধিমত্তার পার্থক্যের পেছনে নাকি জিনগত কারণ রয়েছে। এই মন্তব্যের জেরে বহু বছর কাজ করা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি থেকে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন তিনি।

প্রতিষ্ঠানটি পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৬২ সালে ওয়াটসন, ক্রিক ও মরিস উইলকিন্স একসঙ্গে নোবেল পুরস্কার লাভ করেন ডিএনএর দ্বিস্পাইরাল গঠন আবিষ্কারের জন্য। তখন তারা বলেছিলেন, ‘আমরা জীবনের গোপন রহস্য উদ্ঘাটন করেছি।’

কিন্তু ২০০০-এর দশকের শুরুর দিকেই বিজ্ঞান জগতে ওয়াটসনকে প্রায় একঘরে করে ফেলা হয়। ২০০৭ সালে তিনি দ্য টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নই, কারণ আমরা ধরে নিচ্ছি তাদের বুদ্ধিমত্তা আমাদের সমান।

অথচ সব পরীক্ষার ফলাফল বলছে তা নয়।’
পরে তিনি নিঃশর্তভাবে ক্ষমা চাইলেও ওই মন্তব্যের পর তার কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারাতে হয়।

২০১৯ সালে আবারও তিনি একই দাবি করে বলেন, জাতি ও বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক আছে। এই মন্তব্যের পর তার বাকি সব সম্মানসূচক উপাধিও বাতিল করা হয়। ল্যাবরেটরিটি এক বিবৃতিতে বলেছিল, ‘ড. ওয়াটসনের এই মন্তব্যগুলো ঘৃণ্য, এবং বিজ্ঞানের কোনো ভিত্তি নেই।’

ডিএনএ প্রথম আবিষ্কৃত হয় ১৮৬৯ সালে, তবে ১৯৪৩ সাল পর্যন্ত বিজ্ঞানীরা বুঝতে পারেননি এটি আসলে কোষের বংশগত উপাদান। এরপরও ডিএনএর গঠন রহস্যই থেকে যায়।

কিংস কলেজের গবেষক রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের তোলা এক্স-রে চিত্র ব্যবহার করে (যদিও তার অজান্তে), ক্রিক ও ওয়াটসন ডিএনএর একটি ত্রি-মাত্রিক মডেল তৈরি করতে সক্ষম হন।

ওই গবেষণায় ফ্র্যাঙ্কলিনের সহকর্মী মরিস উইলকিন্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং পরবর্তীতে তিনিও নোবেল পান। ফ্র্যাঙ্কলিন ১৯৫৮ সালে মারা যান, কিন্তু বর্তমানে তাকেও ডিএনএ আবিষ্কারের সমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে জীবদ্দশায় তার অবদান প্রায় উপেক্ষিত ছিল।

২০১৪ সালে ওয়াটসন প্রথম জীবিত নোবেলজয়ী হিসেবে নিজের স্বর্ণপদক নিলামে বিক্রি করেন ৪.৮ মিলিয়ন ডলারে (প্রায় ৩.৬ মিলিয়ন পাউন্ড)। তিনি বলেন, বৈজ্ঞানিক সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করায় পদকটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এক রুশ ধনকুবের পদকটি কিনে পরে আবার তার কাছেই ফেরত দেন।

জেমস ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা ছিলেন জিন ও জেমস, যাদের পূর্বপুরুষ ইংরেজ, স্কটিশ ও আইরিশ বংশোদ্ভূত।

মাত্র ১৫ বছর বয়সে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। সেখানে তিনি এক্সরে ডিফ্র্যাকশন প্রযুক্তির প্রতি আগ্রহী হন, যার মাধ্যমে পরমাণুর অভ্যন্তরীণ গঠন নির্ধারণ করা যায়। ডিএনএ নিয়ে গবেষণার জন্য তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান, সেখানেই ফ্রান্সিস ক্রিকের সঙ্গে তার পরিচয় হয় এবং তারা মিলে ডিএনএর মডেল তৈরি শুরু করেন।

বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জনের পর ওয়াটসন ও তার স্ত্রী এলিজাবেথ হার্ভার্ডে চলে আসেন। সেখানে তিনি জীববিজ্ঞানের অধ্যাপক হন। তাদের দুই ছেলে ছিল, যাদের একজন কিশোর বয়সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়। এ কারণেই সন্তানের অসুখের জিনগত কারণ খুঁজে বের করার আশায় ওয়াটসন ডিএনএ গবেষণায় আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন।

১৯৬৮ সালে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং পুরনো এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্রে পরিণত করেন।