নিজস্ব প্রতিবেদক :
চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে। ১ নভেম্বর পর্যন্ত বিভাগের পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন টিকা প্রদানে শীর্ষ অবস্থানে আছে।
আজ (২ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বিভাগীয় পর্যালোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা। সভাটি আয়োজন করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ১ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগে ৩৬ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ। এর মধ্যে পাবনা জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু টিকা পেয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেও লক্ষ্যমাত্রার সমানসংখ্যক শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তবে বিভাগের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা নওগাঁ—সেখানে এখন পর্যন্ত ৬২ শতাংশ শিশু টিকা পেয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নওগাঁসহ পিছিয়ে থাকা জেলাগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাজশাহী বিভাগ যেন জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হয়। বর্তমানে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া শিশুরাও কমিউনিটি পর্যায় থেকে টিকা নিতে পারবে।









