নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় কর্মরত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসান উল্লাহ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন টানা সাত দিন। অভিযোগ রয়েছে, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্তের মুখে পড়ার পর থেকেই আত্মগোপনে আছেন। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় একাডেমি কর্তৃপক্ষ।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, গত ২৯ অক্টোবর সকাল থেকে ডিআইজি এহসান উল্লাহ কর্মস্থলে উপস্থিত হননি। তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠালেও তা গ্রহণ করা হয়নি। অনুপস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।
একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী বলেন,
“ডিআইজি এহসান উল্লাহ গত বুধবার থেকে অনুপস্থিত। তাঁর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ধরনের বিষয়ে প্রতিবেদন পাঠানো ছাড়া আমাদের আর কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা এহসান উল্লাহ বরিশালের পুলিশ সুপার থাকাকালে তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে, যা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এদিকে স্থানীয় সূত্র বলছে, গত বুধবার সকালে পুলিশের একটি দল সারদা পুলিশ একাডেমিতে গিয়ে তাঁকে আটক করার চেষ্টা করলে তিনি আগেই খবর পেয়ে একাডেমি ত্যাগ করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডিআইজির নিখোঁজ হওয়া ও সম্ভাব্য পলায়ন নিয়ে পুলিশ বিভাগসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে।









