রাজশাহী

নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চারঘাট-বাঘা এলাকাবাসীর যৌথ মানববন্ধন

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

চারঘাট প্রতিনিধি :

পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার নদীভাঙন–কবলিত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকাল ১১টায় চারঘাট বাজার চাররাস্তায় শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের মনোনয়নপ্রত্যাশী আবু সাঈদ চাঁদ বলেন, “চারঘাট–বাঘা অঞ্চলের মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ। দাবি উপেক্ষা করা হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। নদীভাঙনের কারণে মানুষ ঘরবাড়ি হারিয়ে এমনিতেই দুঃখ–কষ্টে দিন কাটাচ্ছে। তাই দ্রুত উদ্যোগ নিতে হবে।”

চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া কোনো সমাধান নেই।” তিনি সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন রোধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে সাহাপুর, গোপালপুর, পিরোজপুর ও চকরাজাপুরসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। তারা অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

এ সময় বক্তৃতা দেন আব্দুল মমিন, সাব্বির হোসেন মুকুট, মাসুদুর রহমান মাসুদ, আব্দুস সালেক আদিল, মাহাবুর রহমানসহ অন্যরা।