লাইফ স্টাইল

শুধু শরীর নয়, অতিরিক্ত ওজন ত্বকেরও ক্ষতি করে

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্তমান সময়ে স্থূলতা বা অতিরিক্ত ওজন কেবল চেহারার পরিবর্তন নয়, এটি এক ভয়াবহ স্বাস্থ্য সমস্যাও। অনেকেই মনে করেন স্থূলতা শুধু হার্ট, হরমোন বা মেটাবলিজমকে প্রভাবিত করে। কিন্তু বাস্তবে এর প্রভাব ত্বকেও পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ওজন বেড়ে গেলে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, যার ফলে দেখা দিতে পারে নানা চর্মরোগ, দাগ ও সংক্রমণ।

এ ছাড়া আর কী কী সমস্যা হতে পারে এবং কিভাবে, চলুন, জেনে নেওয়া যাক—
ওজন ও ত্বকের সম্পর্ক

শরীরে অতিরিক্ত চর্বি জমলে রক্তনালিগুলোর কার্যক্ষমতা কমে যায়। এতে ত্বকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। ফলে ক্ষত সারতে সময় বেশি লাগে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। একই সঙ্গে ফ্যাট কোষে জমে থাকা প্রদাহজনিত রাসায়নিক উপাদান ত্বকের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে।

স্থূলতায় ত্বকের সাধারণ সমস্যা

ফাঙ্গাল সংক্রমণ : অতিরিক্ত মেদ থাকলে ত্বকের ভাঁজে আর্দ্রতা জমে থাকে। যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ জায়গা। এতে ত্বকে চুলকানি, লালচে দাগ ও দুর্গন্ধ হতে পারে।

স্ট্রেচ মার্কস : ওজন দ্রুত বাড়লে ত্বকের মাঝের স্তর প্রসারিত হয়ে সূক্ষ্ম ছেঁড়া দাগ তৈরি হয়, যা অনেক সময় স্থায়ী হয়ে যায়।

ক্ষত সারতে দেরি : স্থূল ব্যক্তির রক্ত চলাচল ধীর হয়। বিশেষত পা বা তলপেটে। ফলে ছোটখাটো ক্ষতও শুকাতে সময় নেয়।

কালচে দাগ : ঘাড়, বগল, কুঁচকি বা স্তনের নিচে ঘন, কালচে ভেলভেটের মতো দাগ দেখা যায়, যা সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ।

স্কিন ট্যাগ : গলা বা বগলে ছোট ছোট ঝুলন্ত মাংসপিণ্ডের মতো গাঁট হয়।

এটি সাধারণত হরমোন ভারসাম্যহীনতা বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ঘটে।
পায়ে ফোলা : ওজন বাড়লে লিম্ফ তরলের চলাচলে বাধা সৃষ্টি হয়। যার ফলে পা ফুলে যায় ও ত্বক শক্ত হয়ে পড়ে। এতে সংক্রমণও হতে পারে।

ত্বকের যত্নে যা করবেন

প্রতিদিন গোসলের পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিন, বিশেষ করে ভাঁজযুক্ত অংশে।
চিকিৎসকের পরামর্শে হালকা অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করুন।
ঢিলেঢালা, বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরুন।
নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
ঘাড়, বগল বা কুঁচকিতে কালচে দাগ বা চুলকানি দেখা দিলে দেরি না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বিশেষজ্ঞ মত : ত্বকের যত্ন শুধু বাহ্যিক নয়, বরং এটি শরীরের অভ্যন্তরীণ সুস্থতার প্রতিফলন। তাই ওজন নিয়ন্ত্রণে রাখলে ত্বকও থাকবে উজ্জ্বল ও সুস্থ।

সূত্র : আজকাল