নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ এর অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬) ও হেলপার মো. আলম (২৫)। ফয়সাল মিয়া হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার জেডা গ্রামের আবু আলীর পুত্র। অপরজন আলম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল আলীর পুত্র।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি পিকআপযোগে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক রাজশাহীর দিকে আসছে। পরে র্যাবের গোয়েন্দা দল বিষয়টি নিশ্চিত হয়ে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সেখানে পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তল্লাশিতে দেখা যায়, পিকআপের চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি একটি গোপন চেম্বার বানানো হয়েছে, যেখানে মাদকগুলো লুকানো ছিল। স্বাভাবিক দৃষ্টিতে চেম্বারটি বোঝার উপায় ছিল না।
অভিযানে ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল মিয়া ও আলম দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তারা পিকআপে বৈধ মালামাল পরিবহনের আড়ালে বিভিন্ন সময় গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ নানা ধরনের মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।









