সিল্কসিটিনিউজ ডেস্ক :
হেলে-দুলে, নাচতে নাচতে তিন রাস্তার মোড়ের দিকে আসছে একটি শিশু। মোড়ে আসতেই নম্বর প্লেটবিহীন একটি গাড়ি চাপা দেয় শিশুটিকে। যদিও কয়েক মুহূর্ত পরেই উঠে দাঁড়ায় শিশুটি! গাড়িটি চালাচ্ছিল এক নাবালক! এমন আজব ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে।
বুধবারের এই ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।

যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ নিয়ে নেটিজেনরাও সমালোচনায় মেতে উঠেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়ির সামনের রাস্তায় খেলছিল শিশুটি। আচমকা মোড় থেকে বেরিয়ে আসে গাড়িটি।
শিশুটি নিজেকে বাঁচাতে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেও পারেনি। পেছন থেকে ধাক্কা মারে তাকে। ওই অবস্থায় গাড়িটি খানিক এগিয়েও যায়।
স্থানীয়রা চিৎকার করলে থামে সেটি।
যদিও ‘অলৌকিক’ কাণ্ড ঘটে যায় এরই মধ্যে! ভিডিওতে দেখা গেছে, শিশুটি অক্ষত অবস্থায় গাড়ির নিচ থেকে বেরিয়ে আসছে।
সিসিটিভি ফুটেজে আরো দেখা গেছে, গাড়িটিকে ঘিরে ধরেছে স্থানীয়রা। এক নারী ওই নাবালক চালককে চড়-থাপ্পড় মারছেন।
শিশুটি অক্ষত থাকলেও আহমেদাবাদ পলিশ জানিয়েছে, এই ঘটনায় গাড়ির মালিক এবং নাবালক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদিও প্রশাসনের বিরুদ্ধে আঙুল উঠছে, নম্বরবিহীন গাড়ি রাস্তায় চলতে পারে?
অন্যদিকে নেটিজেনদের একাংশ বলছে, ‘অলৌকিক কাণ্ড যে ঘটে, এটা তারই প্রমাণ’।
সূত্র : সংবাদ প্রতিদিন










