নিজস্ব প্রতিবেদক :
প্রিন্টারের ভেতরে অভিনব কায়দায় হেরোইন লুকিয়ে পাচারের সময় রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার র্যাব-৫, সিপিসি রাজশাহীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—গোদাগাড়ী উপজেলার দয়ারমানকিচক মধ্যপাড়ার মো. আসারুল ওরফে রনি (২১) এবং সিরাজগঞ্জের রেলকলোনীর বাসিন্দা জাহানারা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র্যাব জানায়, জাহানারা বেগম শনিবার ট্রেনে করে সিরাজগঞ্জ থেকে রাজশাহী আসেন। আসারুলের কাছে থাকা প্রিন্টার নেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রিন্টারটির ভেতরে থাকা টোনার বক্স তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।









